গোপালগঞ্জ প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আমরা চাই, বিশ্ববিদ্যালয় সবসময় উৎসবমুখর থাকুক। আর খেলাধুলা হোক সেই উৎসবের অন্যতম মাধ্যম। তবে উৎসবের আনন্দ যেন কোনোভাবেই অসম্মানজনক না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে খেলোয়াড়সুলভ আচরণ করতে হবে এবং নিয়ম মেনে খেলতে হবে।”
তিনি আরও বলেন, সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার প্রস্তুতি এই আয়োজনের মধ্য দিয়েই নিতে হবে। প্রতিযোগিতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থাও করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাজান, প্রক্টর ড. এস. এম. আহসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণিত বিভাগের সভাপতি ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল।
ইতিহাস ও অর্থনীতি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের প্রতিযোগিতার মাঠের লড়াই শুরু হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি বিভাগীয় দল অংশগ্রহণ করছে।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply