পীরগাছা প্রতিনিধিঃ
পীরগাছা জ্ঞানভিত্তিক,মানবিক ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে রংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুরে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’। বইপড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পাঠাগারের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাফায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের সভাপতি কে এম হাবিবুর রহমান বিটোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি ও সদস্যরা এবং মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, পাঠাগারটি শুধু বই পড়ার স্থান নয়; বরং এটি হবে জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। বইয়ের আলোয় মানুষের হৃদয় আলোকিত করা এবং আগামী প্রজন্মকে জ্ঞান ও মানবিকতায় সমৃদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
**মানবিক কার্যক্রমে আলোকিত নাপাইচন্ডি**
২০২০ সালে যাত্রা শুরু করে ‘আলোকিত নাপাইচন্ডি’ সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্যোগকালীন খাদ্য সহায়তা, ঈদ উপহার বিতরণ, চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগ।
সংগঠনটির তথ্য অনুযায়ী, করোনা মহামারির সময় ১২৫টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় প্রায় ১৫০টি পরিবারকে নগদ অর্থ, শুকনা খাবার, চাল-ডাল, পেঁয়াজ, স্যালাইন ও টর্চলাইটসহ জরুরি সহায়তা দেওয়া হয়।
ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন বছরে অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৬ সালে ১০৫টি পরিবারকে ১১ ধরনের পণ্য দিয়ে ঈদ উপহার দেওয়া হয়। পাশাপাশি ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ও বিপদগ্রস্ত মানুষের চিকিৎসায় সহায়তা করেছে সংগঠনটি।
স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে আয়োজিত একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে ৪৫০ জনেরও বেশি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ ছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও করা হয়।
মানবিক সহায়তার ধারাবাহিকতায় চলাচলে অক্ষম আব্দুল জলিলকে হুইলচেয়ার তৈরি করে দেওয়া, প্রতিবন্ধী ছামছুন্নাহারের বাড়িতে নলকূপ স্থাপন এবং ক্যানসারে আক্রান্ত আরিফের বাবার কর্মসংস্থানের জন্য ব্যাটারিচালিত ভ্যান কিনে দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হয়।
শীতার্ত মানুষের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণ, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের খাবার, ঈদসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ প্রদান এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমও পরিচালনা করেছে সংগঠনটি। একটি উদ্যোগে ১১৫ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ ছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চন্ডিপুর জামে মসজিদের পাশে অপ্রয়োজনীয় হর্নের শব্দ কমাতে দুটি সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
**ভবিষ্যৎ পরিকল্পনায় ব্লাড ব্যাংক ও স্টুডেন্ট উইং**
মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ব্লাড ব্যাংক গঠনের কার্যক্রম চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে ‘স্টুডেন্ট উইং’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার মনোভাব গড়ে উঠবে। একই সঙ্গে পাঠাগারটি নিয়মিত বইপড়া, জ্ঞানচর্চা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
আয়োজকদের বিশ্বাস, মানুষের কল্যাণে নেওয়া ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। সেই প্রত্যাশা থেকেই ‘আলোকিত নাপাইচন্ডি’ একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সুন্দর সমাজ গঠনে কাজ করে যেতে চায়।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply