কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ রিয়াজের স্মরণে নির্মিত ‘শহীদ রিয়াজ চত্বর’ উদ্বোধন করা হয়েছে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং তাঁদের স্মৃতি যথাযথ মর্যাদায় সংরক্ষণ করতে হবে।
মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর গোলচত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আমান উল্লাহ আমান বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, শহীদ রিয়াজ শুধু একটি পরিবারের সদস্য নন, তিনি পুরো জাতির গর্ব। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মৃতি সংরক্ষণ করা সবার নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে সেই আত্মত্যাগের ইতিহাস জানাতে হবে এবং দেশ গঠনে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, শহীদ রিয়াজের স্মৃতি শুধু একটি চত্বরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
পরে আমান উল্লাহ আমান ও ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ফলক উন্মোচনের মাধ্যমে ‘শহীদ রিয়াজ চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, শহীদ রিয়াজের পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদ রিয়াজসহ জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply