বিশেষ প্রতিনিধিঃ
প্রাণিসম্পদ খাতে ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (০৪ নভেম্বর) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলন কক্ষে আয়োজিত ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রাণিসম্পদ খাতে চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন দেশে তৈরি হয়, আর বাকি ৮৫ শতাংশই আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে বিজ্ঞানীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ কারণে খামারিদের অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার থেকে বিরত রাখতে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোশাক খাতের শ্রমিক আন্দোলন নিয়ে প্রতিমন্ত্রী জানান, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা জেলা প্রশাসক মো: ইয়াসিন ফেরদৌস মুরাদ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply