উলিপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযান শেষে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রয় রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
এ সময় সংশ্লিষ্ট দোকানদারকে ভবিষ্যতে অবৈধ কারেন্ট জাল বিক্রয়, সংরক্ষণ ও বাজারজাত করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply