ফরিদপুর প্রতিনিধি:
সালথা ফরিদপুর ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনান্তদী গ্রামের মধ্যপাড়া এলাকার প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘ ২৫ বছরেও নির্মাণ হয়নি। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকশ মানুষ। দীর্ঘদিনের এ ভোগান্তির স্থায়ী সমাধান চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন হলেও এই গুরুত্বপূর্ণ রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি। বর্ষা এলেই রাস্তাটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ-বৃদ্ধা ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও অত্যন্ত কঠিন হয়ে যায়।
এলাকাবাসী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তারা একটি টেকসই রাস্তার অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও শুধু আশ্বাস মিলেছে, বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে বছরের পর বছর দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে তাদের।
এ অবস্থায় সম্প্রতি মধ্যপাড়া এলাকার বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তাটি ইটের বা পাকা সড়কে উন্নীত করার দাবি জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একটি রাস্তার অভাবে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিশুদের স্কুলে যাওয়া, কৃষিপণ্য পরিবহন এবং রোগীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়ে।
এ বিষয়ে এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দীর্ঘ ২৫ বছরের এই জনদুর্ভোগের অবসান ঘটাবে।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply