কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) কেরানীগঞ্জে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নবজাতক শিশুদের জন্য নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) পরিচালনা করা হচ্ছিল। নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুমোদন ছাড়া পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির এনআইসিইউ সেবা কার্যক্রম বন্ধ করে দেয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে একই অভিযানে কদমতলী ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, “অনুমোদন ছাড়া এনআইসিইউ’র মতো গুরুত্বপূর্ণ সেবা পরিচালনা করায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে লাইসেন্স নবায়ন না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় আরেকটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, জরিমানাকৃত দুই প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন ও হালনাগাদ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply