সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবযোগদানকৃত সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা প্রথমবারের মতো সিংগাইর জোনাল অফিস পরিদর্শন করেছেন। তাঁর আগমন উপলক্ষে জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)সহ কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে তিনি জোনাল অফিসের সার্বিক কার্যক্রম, গ্রাহকসেবা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে জোনাল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে এক বিশেষ স্টাফ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রাহক সন্তুষ্টিই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস হ্রাস এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিরাপদ কর্মপরিবেশ বজায় রেখে আধুনিক, গতিশীল ও জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দলগত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
বিশেষ স্টাফ সভায় উপস্থিত ছিলেন সদর দপ্তরের কারিগরি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোজাহার হোসেন, সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রব্বানী, সহকারী জেনারেল ম্যানেজার দেবব্রত ভৌমিক, সহকারী জেনারেল ম্যানেজার মো. শাহাদাত ইসলামসহ জোনাল অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভা শেষে নবযোগদানকৃত সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বিদ্যুৎ সেবার মান আরও উন্নত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে গ্রাহকদের প্রত্যাশা পূরণে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দলগতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply