1. [email protected] : admin :
বাংলাদেশকে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থানে নিতে হবে:প্রধানমন্ত্রী - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশকে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থানে নিতে হবে:প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বিশেষ প্রতিনিধিঃ

এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে, তোমাদের তৈরি করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং এই দেশের মালিক।’

শিশু-কিশোরদের উদ্দেশে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাদের মেধা ও প্রতিভার বিকাশের মধ্য দিয়েই বাংলাদেশকে শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করে।

বর্ণাঢ্য অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।

তারেক রহমান বলেন, শিশু-কিশোরদের প্রতিভা, সৃজনশীলতা ও মেধার যথাযথ বিকাশ ঘটাতে হবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং বিদেশি ভাষা শেখার প্রতিও মনোযোগী হতে হবে।

শিশুদের বহুমুখী দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কেবল পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রত্যেক শিশুকে খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায়ও পারদর্শী হতে হবে। শুধু শিক্ষার মাধ্যমে বিশ্বজয় সম্ভব নয়। আন্তর্জাতিক পরিসরে এগিয়ে যেতে হলে জ্ঞান, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জন জরুরি।

তিনি বলেন, ‘তোমরা পড়ালেখা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট কিংবা আইনজীবী হবে। কিন্তু এর পাশাপাশি তোমাদের খেলাধুলা, আর্ট ও কালচারও জানতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেছে। তাদের পরিবেশনা প্রমাণ করেছে, পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও দক্ষতা অর্জন করা সম্ভব। দেশের অন্য শিশু-কিশোরদেরও নিজেদের প্রতিভা বিকাশে একইভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, তোমরা পারো, ইউ ক্যান ডু ইট। তোমরা পড়ালেখা করতে পারো, খেলাধুলা করতে পারো, একইভাবে শিল্প ও সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে পারো।

প্রধানমন্ত্রী জানান, এ প্রতিযোগিতায় ১৬ লাখ শিশু-কিশোরের অংশগ্রহণ প্রমাণ করে, দেশের শিশুদের মধ্যে প্রতিভার কোনো ঘাটতি নেই। তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ ও উপযুক্ত পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। আগামী জুনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দেশের ৫০০টির বেশি উপজেলা, পৌরসভা, জেলা ও বিভিন্ন ইউনিটের শিশু-কিশোর অনলাইনে এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে।

শিশুদের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে তিনি বলেন, সরকার এমন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে তারা নির্বিঘ্নে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

বাংলা ও ইংরেজির বাইরে শিশুদের আরও একটি বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে প্রত্যেক শিশুকে পছন্দমতো একটি ভাষা শেখার সুযোগ দেওয়া হবে।

 

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন তিনি। একই সময়ে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায়ও প্রতিযোগিতার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া চীনা শিক্ষার্থীদের পরিবেশিত দেশটির ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্সও দেখেন তিনি।

অনুষ্ঠান শেষে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira