1. admin@alokitotv.net : admin :
প্রথম বাংলাদেশি হিসেবে গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ড পেলেন কেরানীগঞ্জের মাহাবুব - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

প্রথম বাংলাদেশি হিসেবে গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ড পেলেন কেরানীগঞ্জের মাহাবুব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ

প্রযুক্তির বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের নাম তুলে ধরেছেন ঢাকার কেরানীগঞ্জের সন্তান মাহাবুব হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পেয়েছেন সম্মানজনক ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ড’। গুগলের বিভিন্ন পণ্য ও সেবার ব্যবহারকারীদের স্বেচ্ছাসেবী সহায়তা দেওয়া প্রোডাক্ট এক্সপার্টদের নিয়ে আয়োজিত ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট সামিট ২০২৬’-এর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক আয়োজনে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে এ পুরস্কার পান তিনি।

গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর জাপানের টোকিওতে গুগল জাপান কার্যালয়ে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এ সামিট। দ্বিতীয় দিনে প্রোডাক্ট এক্সপার্টদের অবদানের স্বীকৃতি হিসেবে ১১টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে সেরা নির্বাচিত হন বাংলাদেশের মাহাবুব হাসান।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক গুগল স্বেচ্ছাসেবী কমিউনিটির পুরস্কারের তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের নাম যুক্ত হলো।

গুগল প্রোডাক্ট এক্সপার্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত স্বেচ্ছাসেবী এক্সপার্টরা অংশ নেন। ২০২৬ সালে তিনটি আঞ্চলিক পর্যায়ে সামিট আয়োজন করা হচ্ছে। মেক্সিকোর পর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আয়োজনটি হয় টোকিওতে। পরবর্তী আয়োজন স্পেনের বার্সেলোনায় হওয়ার কথা রয়েছে।

টোকিও সামিটে গুগল অ্যাকাউন্ট, গুগল ম্যাপস, ইউটিউব, গুগল ফটোস, জেমিনি ও গুগল ওয়ানসহ বিভিন্ন সেবার ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিমালা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।

প্রায় ১৫ বছরের স্বেচ্ছাসেবী যাত্রা গুগল প্রোডাক্ট এক্সপার্টরা গুগলের সরাসরি কর্মী নন। তাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন গুগল পণ্য ও সেবা ব্যবহারে অন্য ব্যবহারকারীদের সমস্যার সমাধানে সহযোগিতা করেন। মাহাবুব হাসানের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আড়াই হাজারের বেশি সক্রিয় প্রোডাক্ট এক্সপার্ট ২০টির বেশি ভাষায় ৫০টির বেশি গুগল পণ্য নিয়ে ব্যবহারকারীদের সহায়তা করছেন।

মাহাবুব হাসানের গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা প্রায় ১৫ বছরের। ২০১১ সালে গুগল ম্যাপ মেকার প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁর স্বেচ্ছাসেবী যাত্রা শুরু। সেখানে তিনি রিজিওনাল লিড হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার কমিউনিটি ম্যানেজার ছিলেন।

২০১৪ সালে বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হন তিনি। বর্তমানে তিনি ওই কমিউনিটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে কাজ করছেন।

২০১৬ সাল থেকে গুগল প্রোডাক্ট এক্সপার্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত মাহাবুব। ইউটিউব, গুগল ড্রাইভ ও গুগল অ্যাকাউন্টসহ বিভিন্ন সেবার সহায়তা ফোরামে দীর্ঘদিন অবদান রেখেছেন তিনি। ২০২৫ সালে বাংলাদেশ থেকে প্রথম গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর নির্বাচিত হন মাহাবুব হাসান। ২০২৬ সালেও তিনি এ দায়িত্বে পুনর্নির্বাচিত হন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত গুগলের মাউন্টেন ভিউ, লন্ডন, বেঙ্গালুরু ও টোকিওসহ বিভিন্ন স্থানে আয়োজিত আন্তর্জাতিক সামিটে ১০ বার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাহাবুব।

গুগল লোকাল গাইডস প্ল্যাটফর্মে অবদানের জন্য ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে আন্তর্জাতিক পুরস্কার পান তিনি। এরপর ২০২০ সালে ‘গাইডিং স্টার’, ২০২১ সালে ‘মিটআপ চ্যাম্পিয়ন’ এবং ২০২৫ সালে ‘অ্যাক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি পান।

অনুভূতি জানিয়ে মাহাবুব হাসান বলেন,

“এই স্বীকৃতি আমার একার অর্জন নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী মানুষ, স্বেচ্ছাসেবী কমিউনিটি এবং যাঁরা প্রযুক্তিগত সমস্যায় সহযোগিতা চেয়েছেন—তাঁদের সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই অর্জনের পেছনে রয়েছে। টোকিওতে বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার মুহূর্তটি আমার জন্য অত্যন্ত আবেগের ছিল। মনে হয়েছে, একজন বাংলাদেশি স্বেচ্ছাসেবী হিসেবে এত বছরের কাজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেল। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। ভবিষ্যতে বাংলাদেশের আরও তরুণকে আন্তর্জাতিক প্রযুক্তি স্বেচ্ছাসেবী কমিউনিটিতে যুক্ত করতে চাই, যাতে তাঁরাও নিজেদের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের কাজে আসতে পারেন।”

মাহাবুবের ভাষায়, প্রযুক্তির ক্ষেত্রে শুধু নতুন কিছু তৈরি করাই নয়, অন্যকে প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করাও গুরুত্বপূর্ণ। তাঁর এবারের পুরস্কার দেড় দশকের সেই স্বেচ্ছাসেবী কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira