নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডে দেশবাসী মর্মাহত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। রামিশা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
রোববার সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নিহত অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিলো। তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়। প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে।’ আরও জানান, তুহিন হত্যার দায় স্বীকার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আলামতসহ অন্য বিষয় জব্দ করতে পেরেছে পুলিশ। রামিশা হত্যার মতো কুমিল্লার অপ্রতিম হত্যার বিচারের জন্য সহযোগিতা করবে পুলিশ।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তার মরদেহের সঙ্গে মায়ের আইফোনটি পাওয়া যায়নি। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply