1. admin@alokitotv.net : admin :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে জেলা প্রশাসক,গাইবান্ধা এর ভাষণ - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে জেলা প্রশাসক,গাইবান্ধা এর ভাষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১১ Time View

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

প্রিয় গাইবান্ধাবাসী,
আসসালামু আলাইকুম। জেলা প্রশাসন গাইবান্ধা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় উপস্থিত জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও অন্যান্য সুধীজন আপনাদের সকলকে জানাই জেলা প্রশাসন, গাইবান্ধার পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।

২. আজ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ এ আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ এবং ২ লক্ষ মা-বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে কাঙ্খিত বিজয়। শ্রদ্ধা জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধাদের। যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। স্মরণ করছি জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে সকল শহিদ ও আহতদের।

৩. স্বাধীন বাংলাদেশের বয়স আজ ৫৪ বছর। আমাদের মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল একটি সুখী-সমৃদ্ধশালী, বৈষম্যবিহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। কিন্তু আমার বলতে মোটেই দ্বিধা নেই যে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারিনি। অনেক পিছিয়ে রয়েছি। বাংলাদেশের সমকালীন একই বৈশিষ্ট্যসম্পন্ন দেশ যেমন ইন্দোনেশিয়া, মালেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ অসংখ্য দেশ আজ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। এক অপার সম্ভাবনার দেশ যেখানে কোনো যত্ন ছাড়াই ফসল জন্মে, নদী-খাল ভর্তি মাছ, প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্য; সর্বোপরি তরুন ও টগবগে জনগোষ্ঠির অবস্থান তা সত্ত্বেও আমরা অনেক পিছিয়ে রয়েছি। প্রায় ১৭ কোটির দেশে প্রায় ৩ কোটি মানুষ এখনও চরমভাবে দরিদ্র্য। সম্পদের বৈষম্য দিন দিন বেড়েই চলেছে। সরকারি এবং বেসরকারি প্রতিটি ক্ষেত্র দুর্নীতিতে ছেয়ে গেছে। নৈতিকতার চরম অবক্ষয়সহ মাদক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে।

সম্মানিত সুধী,

৪. স্বাধীনতা দিবসের এই মহান ক্ষণে নেতিবাচক বিষয়সমূহ উত্থানের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এটিই বাস্তবতা। আমরা যদি সত্যিকার অর্থে আরও অগ্রসর হতে চাই তাহলে নিজেদের দোষ-ত্রুটি স্বীকার করতে হবে। ব্যর্থতার দায়-দায়িত্ব নিতে হবে। উট পাখির মতো বালিতে মুখ গুজিয়ে রাখলে বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না।

সম্মানিত সুধী,

৫. দেশ ও সমাজে বিদ্যমান এই বৈষম্য এবং অ-ব্যবস্থাপনার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যূত্থান সংঘটিত হয়েছিল। এটিকে অনেকেই দ্বিতীয় স্বাধীনতা বলছেন। আমাদের স্বাধীনতা যুদ্ধে একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা আমাদের দেশকে কাঙ্খিতভাবে গড়ে তুলতে পারিনি।

৬. আমরা যে কাঙ্খিত অগ্রগতি অর্জন করতে পারিনি তার দায়-দায়িত্ব নিতে হবে আমাদের সকলকে। বিশেষ করে আমি মোটা দাগে বলতে চাই আমরা যারা শিক্ষিত ও সচেতন শ্রেণী বলে নিজেদের দাবি করি তাদেরকেই। আমরা শিক্ষিত ও সচেতন শ্রেণী আমাদের দায়িত্ব পালন করতে পারিনি বলেই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছোট্ট ছোট্ট সোনামনিরা বাংলাদেশ গড়ার দায়িত্ব হাতে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে নতুন সুখী, সমৃদ্ধ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়াই হবে আমাদের নতুন শপথ, যা ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য।
প্রিয় গাইবান্ধাবাসী
৭. বর্তমানে একটি অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার সাধন ও পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন এই সরকারের মূল দায়িত্ব। তথাপি সরকার অত্যন্ত সাফল্যের সাথে সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সাফল্যের কয়েকটি উদাহরণ দিচ্ছি। প্রথমত, এই রোজার মধ্যেও কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধ্বগতি পরিলক্ষিত হয়নি । মূল্যস্ফীতি গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন। দেশের ডলার রিজার্ভ স্বস্তিজনক রয়েছে। সামষ্টিক অর্থনীতির এই ইতিবাচক ধারার সাথে যুক্ত হয়েছে কূটনীতিতে সাফল্য।

প্রিয় গাইবান্ধাবাসী,

৮. আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জরিপ অনুসারে গাইবান্ধা জেলায় উল্লেখযোগ্য হারে দারিদ্র হ্রাস পেয়েছে। আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে শীঘ্রই গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের প্রক্রিয়া শুরু হবে। যা গাইবান্ধা জেলার কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। অধিকন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবী তিস্তা মহাপরিকল্পনা শীঘ্রই বন্ধুরাষ্ট্র চীনের মাধ্যমে বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা যায়।

সম্মানিত সুধী,

৯.গণতন্ত্র হচ্ছে সকল উন্নয়নের ভিত্তি। কিন্তু আমরা গণতন্ত্রকে শুধুমাত্র ‘নির্বাচনী গণতন্ত্রে’ আবদ্ধ করে ফেলেছি, যা শুধু ‘স্বৈরাচার’ -এর সৃষ্টি করছে। আইনের শাসন প্রতিষ্ঠা তথা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র, যা জনগণকে ক্ষমতায়িত করে। এজন্যই রাষ্ট্রিক সিস্টেমে সংস্কার সাধন করা বর্তমান সরকারের মূল লক্ষ্য। তাই, আমি সকলকে অনুরোধ করব অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সেদিকে সুতীক্ষ্ণ নজর রাখতে এবং তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করতে।

১০.পরিশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ এ অনুষ্ঠানমালা বাস্তবায়নে যারা অংশগ্রহণ করেছেন ও সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
সকলকে ধন্যবাদ।
বাংলাদেশ চিরজীবী হোক।

চৌধুরী মোয়াজ্জম আহমদ
জেলা প্রশাসক
গাইবান্ধা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira